
ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে কয়েক দিন ধরে চলা জল্পনা আরও জোরালো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের বিভিন্ন সূত্রের দাবি, আজ বৃহস্পতিবার কলকাতার কসবার বাড়িতে ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে ও বাগ্দানের আনুষ্ঠানিকতা সারতে পারেন তিনি। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও টালিউডের ঘনিষ্ঠ কয়েকজন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। তবে মিমি বা তাঁর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী, সিদ্ধার্থ দত্ত নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন মিমি। তিনি বিনোদনজগতের কেউ নন, মার্চেন্ট নেভির সঙ্গে যুক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আমন্ত্রণপত্র ঘিরেই প্রথম বিয়ের খবর আলোচনায় আসে। কার্ডে বর-কনের ছবির পাশাপাশি মিমির তিন পোষ্য চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদুর ছবিও ছিল। এদিকে কলকাতায় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরের বাইরে মিমিকে দেখা যাওয়ার পর বিয়ের পোশাক নিয়েও আলোচনা শুরু হয়।
সূত্রের খবর, কলকাতায় আইনি আনুষ্ঠানিকতা শেষে বিয়ের মূল আয়োজন হতে পারে পাহাড়ি শহর কালিম্পংয়ে। আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সেখানে বিভিন্ন অনুষ্ঠান হওয়ার কথা। ৩ ডিসেম্বর ককটেল ডিনার, ৪ ডিসেম্বর মেহেদি ও সংগীত এবং ৫ ডিসেম্বর মূল বিয়ের আয়োজন হতে পারে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই অনুষ্ঠান সীমিত রাখার পরিকল্পনা রয়েছে। বিয়ের পর কলকাতায় টালিউডের বন্ধুদের নিয়ে সংবর্ধনার আয়োজন হতে পারে, তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।