
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার পেছনে চুরির পরিকল্পনা ছিল বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়ে চুরির উদ্দেশ্যে সেখানে যান সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। ছাদে অপেক্ষার সময় গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেলায় প্রথমে তাকে এবং পরে পরিবারের অন্য তিন সদস্যকে হত্যা করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।
পুলিশ জানায়, দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায় তাদের উপস্থিতি পাওয়া গেছে। তাদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। তদন্তে প্রায় ৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। চুরি হওয়া নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা। মামলার অভিযোগপত্রে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে। দুই আসামি বর্তমানে রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
তবে পুলিশের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন নিহতদের স্বজন ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তিনি বলেন, শুধু টাকা চুরির জন্য চারজনকে হত্যার ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। এর পেছনে আরও কেউ জড়িত থাকতে পারে। তিনি প্রকৃত অপরাধীদের শনাক্তের দাবি জানান। উল্লেখ্য, গত ২২ আগস্ট রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ছেলে আয়ুশের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়নি।