
বগুড়ায় বিএনপি নেতা অ্যাডভোকেট শাহীন হত্যা মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আমিনুল ইসলামের সঙ্গে আদালতে সাক্ষাতের ঘটনায় আলোচনায় আসেন জেলা বিএনপির সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজান। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।
গত ৯ নভেম্বর বগুড়া আদালতে আমিনুল ইসলামকে হাজির করা হলে সেখানে তাঁর সঙ্গে মিজানুর রহমানকে কথা বলতে দেখা যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তাঁদের সাক্ষাতের কারণ বা আলোচনার বিষয়টি জানা যায়নি।
বুধবার (২৫ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে মিজানুর রহমানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের কোনো পর্যায়ের নেতাকর্মী মিজানের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ রাখলে তাঁদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।