
কুমিল্লার দেবিদ্বারে নাশকতা মামলায় জাকির হোসেন (৪০) নামে এক মুদি দোকানিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি দেবিদ্বার পৌর এলাকার ছোটআলমপুর গ্রামের মৃত আকামত আলীর ছেলে। পরিবারের দাবি, জাকির কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। ব্যক্তিগত বিরোধের জেরে তাঁকে রাজনৈতিক মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী শারমিন আক্তার।
শারমিন আক্তার জানান, গত রাতে দেবিদ্বার থানা পুলিশের একটি দল জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিরোধের কথা বলে তাঁর স্বামীকে বাসা থেকে থানায় নিয়ে যায়। পরে তাঁকে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তাঁর দাবি, বিয়ের পর থেকে স্বামীকে কখনো রাজনীতি, মিটিং-মিছিল বা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে দেখেননি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজনও জানান, জাকির দীর্ঘদিন ধরে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না। ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে তাঁকে মামলায় জড়ানো হয়েছে বলে তাঁদের অভিযোগ।
তবে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, জাকিরের পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর কোনো পদ-পদবি ছিল না, তবে তিনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন বলে দাবি করেন ওসি। অন্যদিকে, দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহীন জানান, কাজের ব্যস্ততা ও শারীরিক অসুস্থতার কারণে তিনি এ বিষয়ে কিছু জানেন না। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনা চলছে।