
পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও মাহিরা খানের নতুন ওয়েব সিরিজ ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেত লো’ ভারতে নিষিদ্ধের দাবি জানিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। এ দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছে সংগঠনটি। চিঠিতে সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত উল্লেখ করেন, ২০২৫ সালে পহেলগাঁও হামলার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ওটিটি ও ডিজিটাল মাধ্যমে পাকিস্তানি সিরিজ, সিনেমা, গান ও পডকাস্ট সম্প্রচার বন্ধের নির্দেশনা দিয়েছিল। নতুন সিরিজটি ভারতে মুক্তি পেলে ওই নির্দেশনার উদ্দেশ্য ব্যাহত হবে বলে দাবি সংগঠনটির।
চিঠিতে শুধু নতুন সিরিজটি নিষিদ্ধ নয়, ভারতীয় টেলিভিশন, ওটিটি ও চলচ্চিত্রে পাকিস্তানি শিল্পী এবং প্রযোজনার কাজ স্থায়ীভাবে বন্ধে কঠোর আইন প্রণয়নেরও আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মগুলোতে পাকিস্তানি কনটেন্ট প্রদর্শন বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।
ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটিতে তিন প্রজন্মের প্রেম ও সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হয়েছে। ফাওয়াদ খান ও মাহিরা খান ছাড়াও এতে অভিনয় করেছেন হানিয়া আমির, সানাম সইদ, আহাদ রাজা মীর ও ইকরা আজিজ। আগামী ৪ ডিসেম্বর ২০২৬ আন্তর্জাতিকভাবে সিরিজটি মুক্তির কথা রয়েছে। তবে ভারতে এর সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।