
‘বিলিয়নেরা’খ্যাত রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা ঢাকায় পৌঁছেছেন। ‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে অংশ নিতে বুধবার তিনি বাংলাদেশে আসেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। এ আয়োজনে আন্তর্জাতিক সংগীতের পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর ব্যান্ডও পরিবেশনা করবে।
ঢাকায় পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে উচ্ছ্বাস প্রকাশ করেন ওটিলিয়া। ফেসবুকে তিনি লেখেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের এই সুন্দর শহরে পৌঁছে গেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত, আর আমার সব অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না।’ অন্যদিকে, কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন ফুয়াদ আল মুক্তাদির। এর আগে ২০২২ সালে বাংলাদেশে এসেছিলেন এই পপতারকা।
আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে কনসার্টটি অনুষ্ঠিত হবে। অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইতে আগাম টিকিট পাওয়া যাচ্ছে। ২০১৪ সালে ‘বিলিওনেরা’ গান প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান ওটিলিয়া। গানটি বুলগেরিয়া, তুরস্ক, গ্রিস, পাকিস্তান ও ভারতের রেডিও চার্টে শীর্ষস্থান অর্জন করেছিল। এ গানের জনপ্রিয়তার পর থেকেই ‘বিলিওনেরা’ নামেও পরিচিতি পান তিনি।