November 26, 2026, 3:17 pm
শিরোনাম :

সাইবার হামলায় ফিফার ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি

অভয়নগর প্রতিবেদক

 

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সাইবার হামলার শিকার হয়েছে। এতে সংস্থাটির ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যের একটি অংশ চুরি হয়েছে বলে নিশ্চিত করেছে ফিফা। তবে আলোচিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাবসংক্রান্ত কোনো নথি এই হামলায় খোয়া যায়নি। ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা হিসেবে পরিচিত এ প্রস্তাব নিয়ে আগে থেকেই বিতর্ক রয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার প্রযুক্তিগত ত্রুটি বা সিস্টেমের দুর্বলতার কারণে এ হামলা হয়নি। বরং অপরাধীরা সংস্থাটির কর্মীদের পরিচয় ধারণ করে নথিতে প্রবেশাধিকার পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ সপ্তাহে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারম্যান ডেবি হিউইটকে শর্তসাপেক্ষে বিতর্কিত প্রস্তাবের নথি দেখার অনুমতি দেওয়া হয়েছিল। এ জন্য তাঁকে গোপনীয়তা চুক্তিতে সই করতে হয়।

এক বিবৃতিতে ফিফা জানায়, অপরাধমূলক সাইবার হামলার ফলে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যের একটি সীমিত অংশে অননুমোদিত প্রবেশ ঘটেছে। বিষয়টি তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে সংস্থাটি। এদিকে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি অনলাইন হ্যাকার গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। গত সপ্তাহে তারা ফিফার কিছু নথির স্ক্রিনশট প্রকাশ করে এবং ১২ গিগাবাইট তথ্য চুরির দাবি করে।



ফেসবুক কর্নার