November 26, 2026, 3:26 pm
শিরোনাম :

মেসির ভোট পাওয়া ১১ ফুটবলারের তালিকা প্রকাশ

অভয়নগর প্রতিবেদক

 

আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসির ভোট পাওয়া ১১ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে পুরস্কারটির আয়োজক প্রতিষ্ঠান ফ্রান্স ফুটবল। তালিকায় চার আর্জেন্টাইন ফুটবলার থাকলেও সবচেয়ে বেশি ভোট পেয়েছেন মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অরের মূল পুরস্কার এবং ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত কোপা ট্রফিতে নিজের পছন্দের খেলোয়াড়দের ভোট দেন মেসি।

মেসির ভোট পাওয়া চার আর্জেন্টাইন হলেন সার্জিও আগুয়েরো, আনহেল দি মারিয়া, হাভিয়ের মাশ্চেরানো ও আলেহান্দ্রো গারনাচো। এর মধ্যে আগুয়েরো দুইবার ভোট পেয়েছেন। ইনিয়েস্তাকে ২০১১ থেকে ২০১৫ সালের প্রতিটি আসরেই ভোট দিয়েছেন মেসি, যার মধ্যে দুবার প্রথম স্থানে রেখেছেন। এ ছাড়া জাভি হার্নান্দেজও একাধিকবার তাঁর ভোট পেয়েছেন। ২০১৪ সালে প্রথম ভোটটি দি মারিয়াকে, দ্বিতীয়টি ইনিয়েস্তাকে এবং তৃতীয়টি মাশ্চেরানোকে দেন মেসি। নিয়ম অনুযায়ী, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্য যথাক্রমে পাঁচ, তিন ও এক পয়েন্ট বরাদ্দ থাকে।

কোপা ট্রফির ভোটেও মেসির পছন্দে উঠে এসেছে তরুণ ফুটবলারদের নাম। ২০২৬ সালে তাঁর প্রথম পছন্দ ছিলেন লামিনে ইয়ামাল, দ্বিতীয় পাউ কুবারসি এবং তৃতীয় ইব্রাহিম মাজা। শেষ পর্যন্ত ৯৬-৯৪ ভোটের ব্যবধানে পাউ কুবারসিকে হারিয়ে পুরস্কার জেতেন ইয়ামাল। ২০২১ সালে পেদ্রি, ২০২২ সালে গাভি এবং ২০২৩ সালে জামাল মুসিয়ালাকে প্রথম পছন্দ হিসেবে ভোট দিয়েছিলেন মেসি। তথ্যসূত্র: টিওয়াইসি স্পোর্টস।



ফেসবুক কর্নার