
শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত পিস্তল উদ্ধার; অস্ত্র তৈরির সরঞ্জাম মিলেছে দুর্গম পাহাড়ে
চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হান ও তার সহযোগীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে ধারাবাহিক অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। কয়েক দিনের অভিযান, গোয়েন্দা তৎপরতা ও বিভিন্ন স্থানে তল্লাশির মাধ্যমে রায়হানের নিজ ব্যবহৃত ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি, অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রায়হানের ছয় সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, শীর্ষ সন্ত্রাসী রায়হান ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ নভেম্বর থেকে ভূজপুর থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান শুরু করে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোহাম্মদ ইব্রাহীম, পিপিএম-সেবার নির্দেশনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ, পিপিএমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
পাহাড়ে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার
অভিযানের ধারাবাহিকতায় ২৩ নভেম্বর সুয়াবিল ইউনিয়নের হাজীরখিল কোদালিয়া টিলার দুর্গম পাহাড়ি এলাকায় দিনব্যাপী অভিযান চালায় ডিবি, ভূজপুর ও হাটহাজারী থানা পুলিশ। এ সময় দুটি শটগানের কার্তুজ, দুটি খালি খোসা, অস্ত্রের বাট, ট্রিগার, নল, ট্রিগার গার্ড, স্প্রিং, কাউন্টার রিকয়েল, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার মেশিনসহ অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই পাহাড়ি এলাকায় রায়হান ও তার সহযোগীরা অবস্থান করে অস্ত্র তৈরির কার্যক্রম চালাত। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা আরও দুর্গম পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।
সন্ত্রাসীদের গুলিতে আহত ৬
পুলিশের ধারাবাহিক অভিযানের মুখে নিজেদের অবস্থান অনিরাপদ মনে করে ২৩ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে রায়হান ও তার সহযোগীরা একটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলযোগে এলাকা ছাড়ার চেষ্টা করে। এ সময় সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় স্থানীয় লোকজন তাদের গতিরোধের চেষ্টা করেন।
একপর্যায়ে রায়হান ও তার সহযোগীরা এলোপাতাড়ি গুলি ছুড়লে শটগানের গুলিতে ছয়জন সাধারণ মানুষ আহত হন। এ সময় স্থানীয় লোকজন রায়হানের সহযোগীদের বহনকারী তার বিশ্বস্ত সিএনজি চালক মো. জাবেদ হোসেনকে আটক করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশনায় ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যরা রাতভর অভিযান শুরু করেন। বিভিন্ন স্থানে তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম চালানোর পাশাপাশি ২৪ নভেম্বরও অভিযান অব্যাহত থাকে।
কালাইয়ারটেকে গ্রেফতার ২, উদ্ধার কার্তুজ
২৫ নভেম্বর গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রায়হান ও তার আশ্রয়দাতা এজাহার মিয়া খাগড়াছড়ি থেকে সহযোগীদের মাধ্যমে গুলি সংগ্রহের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়।
সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে ভূজপুর থানার কাজীরহাট সংলগ্ন কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও শটগানের ১০ রাউন্ড শীসা কার্তুজসহ রায়হানের দুই সহযোগী মো. এমরান হোসেন মাসুদ (২০) ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে (২১) গ্রেফতার করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার সহযোগী মো. ইকতিয়ার ফরহাদকে (২০) গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে শোবার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ইকতিয়ার জানায়, বন্দুকটি এজাহার মিয়া এবং পিস্তলের গুলিগুলো রায়হান তার কাছে রেখেছিল।
মহররমের বাড়ি থেকে রায়হানের পিস্তল উদ্ধার
গ্রেফতারকৃতদের তথ্য ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রায়হান ও তার সহযোগীরা সুয়াবিল ইউনিয়নের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় এজাহার মিয়ার ঘনিষ্ঠ সহযোগী মো. মহররম আলীর (২৮) বাড়িতে আত্মগোপনে ছিল।
পরে অভিযান চালিয়ে মহররম আলীকে গ্রেফতার করা হয়। তার দেখানো মতে বাড়ি থেকে রায়হানের নিজ ব্যবহৃত ইতালির তৈরি একটি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে মহররম জানায়, রায়হান ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত তার বাড়িতে অবস্থান করেছিল। অন্যত্র চলে যাওয়ার সময় নিজের ব্যবহৃত পিস্তল ও গুলি তার কাছে রেখে যায়।
আরও এক সহযোগী গ্রেফতার
পরবর্তী সময়ে পুলিশের অভিযানে কাজীরহাট এলাকায় রায়হান ও এজাহার মিয়ার সহযোগী জনার্ধন দে (৬৫) গ্রেফতার হন। তার কাছে আরও একটি পিস্তল থাকার তথ্য পাওয়া গেলেও অস্ত্রটি অন্যত্র হস্তান্তর করা হওয়ায় উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত ছয়জন হলেন—মো. এমরান হোসেন মাসুদ (২০), কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. ইকতিয়ার ফরহাদ (২০), মো. মহররম আলী (২৮), জনার্ধন দে (৬৫) ও মো. জাবেদ হোসেন (২৫)।
চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, দুর্গম পাহাড়ি পরিবেশ, অপরাধীদের অবস্থান পরিবর্তন এবং সশস্ত্র হামলার ঝুঁকি মোকাবিলা করে পুলিশ সদস্যরা সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় জনগণও পুলিশকে সহযোগিতা করেন।