July 18, 2026, 11:11 pm
শিরোনাম :
এমপি শকু: মানুষের সেবাই হোক স্বাস্থ্যসেবার মূল ব্রত সংবাদপত্রের কালো আইন সংস্কারে নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণে কালীগঞ্জে এলজিইডির সাফল্য, দুর্নীতিতে ভরা মাধ্যমিক প্রকৌশলী বিভাগ জলাবদ্ধতা নিরসনে সাতক্ষীরায় খাল থেকে নেট-পাটা অপসারণ শুরু, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি জেলা প্রশাসনের জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদের যে কারণে আবার রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াত আমিরের দিরাই পুলিশের পৃথক অভিযানে ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার, অপহরণ মামলার আসামি আটক ও ভিকটিম উদ্ধার গণপরিবহন আধুনিকায়নে ১৪০০ বৈদ্যুতিক বাস আনছে সরকার স্থানীয় নির্বাচনে আ.লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

কোটচাঁদপুরে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

ফাওজুর রহমান সাবিত স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের মামুনশিয়া আলীর মোড় (পশ্চিমপাড়া মসজিদের মোড়) থেকে সালকোপা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সরকারি সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। পাশাপাশি প্রকল্পের তথ্যসম্বলিত সাইনবোর্ড না থাকায় তথ্য গোপনের অভিযোগও তুলেছেন স্থানীয়রা।
সরেজমিনে এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের ইট, খোয়া এবং বালুর পরিবর্তে মাটি ব্যবহার করা হচ্ছে, যা সরকারি সিডিউল অনুযায়ী নয়। এছাড়া প্রকল্পের ব্যয়, ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ও অন্যান্য তথ্য উল্লেখ করে দৃশ্যমান স্থানে সাইনবোর্ড টানানোর নিয়ম থাকলেও সেখানে কোনো সাইনবোর্ড দেখা যায়নি।
অভিযোগের বিষয়ে নির্মাণকাজের সাইট ম্যানেজারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না, ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করতে হবে। পরে ঠিকাদারের যোগাযোগ নম্বর দিতে অস্বীকৃতি জানান। অভিযোগের বিষয়ে ‘আবির কনস্ট্রাকশন’-এর বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা মো. তুহিন হোসেন বলেন, দীর্ঘদিন পর সরকারি বরাদ্দে সড়কটির কাজ শুরু হলেও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে এলাকাবাসী হতাশ। তিনি মানসম্মত উপকরণ দিয়ে পুনরায় কাজ করার দাবি জানান।
এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণকাজ শেষ হলে অল্প সময়ের মধ্যেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। তারা অনিয়মের তদন্ত, মানসম্মত নির্মাণ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি)-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার বলেন, সরকারি উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সিডিউল বহির্ভূত কাজ প্রমাণিত হলে তা বন্ধ করে দেওয়া হবে।



ফেসবুক কর্নার