
সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের পৃথক অভিযানে চার কার্টুন ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ ব্র্যান্ডের বিড়িসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি অপহরণ মামলার এজাহারভুক্ত এক আসামিকে আটক এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) মো. শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ২ নম্বর ভাটিপাড়া ইউনিয়নের পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশ এলাকায় অভিযান চালিয়ে চার কার্টুন ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ ব্র্যান্ডের বিড়িসহ একজনকে গ্রেপ্তার করেন।
এদিকে একই দিনে এসআই (নিঃ) কানন কুমার দাশ সঙ্গীয় ফোর্সসহ দিরাই থানার এফআইআর নং-৫ (তারিখ: ৬ জুলাই ২০২৬), জিআর নং-১৩৭, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আইয়ুব নূর (২০), পিতা- ধন মিয়া, গ্রাম- মাছিমপুর, ইউনিয়ন- রফিনগর, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জকে জগন্নাথপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন। এ সময় মামলার ভিকটিমকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে দিরাই থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা আন্তরিক ও তৎপর রয়েছে।