
সরকার গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণআন্দোলন থেকে শুরু করে গণঅভ্যুত্থানের মতো কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বরিশালে বিভাগীয় সমাবেশের পর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।
তিনি বলেন, ‘এর মধ্যে সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে গণআন্দোলন এবং প্রয়োজনে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব।’
তিনি আরও বলেন, এখন পর্যন্ত তারা হরতাল বা অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করেননি। তবে প্রয়োজন হলে এমন কর্মসূচি দেওয়ার প্রস্তুতি তাদের রয়েছে।
নাহিদের অভিযোগ, ‘আমরা এই মুহূর্তে হরতাল-অবরোধের পক্ষে ছিলাম না। কিন্তু সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ধীরে ধীরে সেই পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছেন।’
তিনি দাবি করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার এখনো জুলাই সনদ বাস্তবায়ন করেনি। অথচ সরকার প্রকাশ্যে সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে।
এ সময় গণঅভ্যুত্থানের সময়ের একটি স্লোগান উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘নাটক কম করো প্রিয়।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, ‘তারেক রহমান, নাটক কম করেন প্রিয়।’
সমাবেশে আরও বক্তব্য দেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। তাদের মধ্যে ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুসহ জোটের কেন্দ্রীয় নেতারা।