
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যাং পাহাড়ি এলাকা থেকে ছয় জন কৃষককে সশস্ত্র ডাকাতদল অপহরণ করেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। অপহৃতরা হলেন- ঝিমংখালী গ্রামের মো. জমির (৩০), মো. মুন্না (২৫), মো. মাহাত আলম (৩০), মো. রফিক (৩৫), মো. মোজাহার (৫০) ও মোস্তাক আহমেদ (২৭)।
হোয়াইক্যাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাজালাল জানান, ছয় কৃষক ছয় নম্বর ওয়ার্ড ও নয় নম্বর ওয়ার্ডের পাহাড়ি এলাকায় কৃষিকাজ করতে গিয়েছিল। তখন সশস্ত্র পাহাড়ি ডাকাতরা তাদের অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।
পরিবারের সদস্যরা খবর পেয়ে অপহৃতদের খোঁজাখুঁজি শুরু করেন এবং প্রশাসনকে বিষয়টি জানান।
হোয়াইক্যাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, অপহরণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।