March 7, 2026, 9:09 am

কথায় নয়, উন্নয়নই আমার নির্বাচনী পোস্টার — কাজী আলাউদ্দিন

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা-৩ আসন (কালীগঞ্জ–আশাশুনি) থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী আলাউদ্দিন বলেছেন, কথায় নয়—উন্নয়নই আমার নির্বাচনী পোস্টার। বিগত দিনে আমি এই এলাকার উন্নয়নের রূপকার হিসেবে কাজ করেছি। আপনারা আমাকে ভোট দিয়ে ধানের শীষ উপহার দিলে আমি আপনাদের উন্নয়ন উপহার দেব।
বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টায় কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভাটির আয়োজন করে মথুরেশপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন।
কাজী আলাউদ্দিন বলেন, এই অবহেলিত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে আমি সব সময় কাজ করেছি। আবারও আমাকে নির্বাচিত করলে উন্নয়নের মাধ্যমে তার প্রমাণ দেব। বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবার নিয়ম অনুযায়ী ফ্যামিলি কার্ড পাবে, যার মাধ্যমে একজন নাগরিক দেশের সব মৌলিক সেবা গ্রহণ করতে পারবে।
তিনি বলেন, যারা ১৯৭১ সালে এ দেশের মা-বোনদের সম্ভ্রম নিয়ে খেলেছে, আজ তারা একটি দলের নামে জান্নাতের টিকিট বিক্রি করছে। অথচ তারা নিজেরাই জানে না জান্নাতে যাবে কিনা। জনগণ এখন আর মিষ্টি কথায় ভুলবে না। যারা এই বাংলাদেশকে চায়নি, তারাই এখন দেশের মালিকানা দাবি করছে এবং ধর্মকে ব্যবহার করে ভণ্ডামিতে লিপ্ত হয়েছে। এসব অপশক্তি থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অতীতের আন্দোলন-সংগ্রামের কথা স্মরণ করে কাজী আলাউদ্দিন বলেন, স্বৈরাচারের পতন হয়েছে। এবার তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি খাত পুনর্গঠন করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই কেবল জনগণের অধিকার ফিরিয়ে দিতে ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারে। তাই ধানের শীষের কোনো বিকল্প নেই।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জনগণই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে। দলের সিদ্ধান্ত অমান্য করে যারা দল থেকে বহিষ্কৃত হয়েছে, তারা বিএনপির কেউ নয়। জনগণকে তাদের বিভ্রান্তিতে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।
কাজী আলাউদ্দিন আরও বলেন, দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো ভেদাভেদ নেই—আমরা সবাই বাংলাদেশি, ভাই ভাই হয়ে একই ছায়াতলে বসবাস করতে চাই। অতীতের মতো এলাকায় আর কোনো সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির স্থান হবে না। জনগণকে সঙ্গে নিয়ে এসব অপশক্তিকে সমাজ থেকে বিতাড়িত করা হবে।
তিনি বলেন, নির্বাচিত হলে এলাকায় কোনো দুর্নীতিবাজের ঠাঁই হবে না। আমি নিজেও দুর্নীতি করব না এবং কাউকেও দুর্নীতির আশ্রয় দেব না। জনগণের মতামতের ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। দুর্নীতি রোধে একটি মনিটরিং কমিটি গঠন করা হবে।
ন্যায়ভিত্তিক সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এলাকার সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও জিয়া ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সহসভাপতি ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান বাপ্পি, আশাশুনি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।



ফেসবুক কর্নার