
জুলফিকার আলী ভুট্টো, চকরিয়া–পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাতিজার লাথির আঘাতে মোহাম্মদ কালু (৮০) নামে এক বয়োবৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ফুলেরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ কালু কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ড সাকের মোহাম্মদ চর স্কুলপাড়া এলাকার মৃত মকবুল আলীর ছেলে। তিনি স্থানীয় জামে মসজিদের মাতোয়ালী হিসেবেও দায়িত্ব পালন করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোহাম্মদ কালু এবং সুরত আফজলের ছেলে ভাতিজা মাস্টার আলী আহমদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে এ বিরোধকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আলী আহমদ চাচাকে লাথি মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ আলী আহমদ ও তার স্ত্রী পারভীন আক্তারকে আটক করতে গেলে তাদের আত্মীয়স্বজনেরা বাধা দেওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাদের ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।