আল-হুদা মালী স্টাফ রিপোর্টর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্গম উপকূলীয় জনপদ গাবুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার উদ্যোগে ২৮ নভেম্বর বিকালে একটি বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের আমির দিদারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
বক্তব্যের একপর্যায়ে তিনি উপকূলীয় অঞ্চলের অবহেলিত মানুষ, বিশেষ করে নদী–নির্ভর জেলে সম্প্রদায় এবং লোকসংগীত শিল্পের অন্যতম ধারক-বাহক বাওলি শিল্পীদের জীবনমান ও কল্যাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “এই অঞ্চলের জেলেরা নদী ও সাগরের সঙ্গে সংগ্রাম করে জীবিকা নির্বাহ করে। কিন্তু তারা ন্যায্য অধিকার, নিরাপত্তা এবং সরকারি সেবা থেকে প্রায়ই বঞ্চিত থাকে। একইভাবে বাওলি শিল্পীরা আমাদের সংস্কৃতির প্রাণ, অথচ তাদের উন্নয়নে দৃশ্যমান উদ্যোগ নেই। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এই জনগোষ্ঠীর অধিকার, পেশাগত সুরক্ষা ও সংস্কৃতি বিকাশে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও সমর্থনই জামায়াতের সবচেয়ে বড় শক্তি। ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণমানুষের অধিকার রক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সৎ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্বের কোনো বিকল্প নেই। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল। জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হামিদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
জনসভায় গাবুরার ছাত্রদল নেতা হাবিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ইসলামী ছাত্রশিবিরে যোগদান করেন।
সভা শেষে দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।