
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিজ কন্যাকে দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগে শফিকুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের শিকার ১৬ বছর বয়সী কিশোরী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় খলিশাপুর ইউনিয়নের গরুয়াকান্দা এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী পূর্বে ঢাকায় গৃহকর্মীর কাজ করতেন। প্রায় ছয় মাস আগে তিনি পূর্বধলার বিশকাকুনিয়া ইউনিয়নের ধলা যাত্রাবাড়ী আশ্রয়ণ প্রকল্পে নিজ বাড়িতে ফিরে আসেন। এরপর থেকে অভিযুক্ত পিতা তাকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার নির্যাতন করে বলে অভিযোগ ওঠে।
পরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি গোপন রাখতে তাকে অন্যত্র পাঠানো হয়। দুই মাস আগে ময়মনসিংহে একটি বাসায় কাজে পাঠানোর পর তার শারীরিক অবস্থার বিষয়টি প্রকাশ পায়। পরে তাকে আবার বাড়িতে ফিরিয়ে আনা হয় বলে জানা গেছে।
স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে বিষয়টি জানাজানি হলে বুধবার সকালে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় ইন্সপেক্টর (তদন্ত) হাবিবুর রহমান পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে।
পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে নিয়মিত মামলা রুজু করা হয়। মামলার পরপরই অভিযান চালিয়ে পলাতক অভিযুক্ত শফিকুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী কিশোরীর প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত সহায়তা নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।