
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে “৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স”-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কাউট নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন। কোর্সটি আগামী ৭ জুন ২০২৬ পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি স্কাউট আইন ও আদর্শ বাস্তব জীবনে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মো. মিন্টু আলী বিশ্বাস। এছাড়া অনুষ্ঠানে আরএসএল অধ্যাপক আবু লায়েক ও সহযোগী অধ্যাপক আব্দুস সালাম উপস্থিত ছিলেন। কোর্স লিডার নাজমুল কবির পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কাউটিং তরুণদের নেতৃত্বগুণ, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবী মনোভাব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বেসিক কোর্সে ১০ জন প্রশিক্ষক, ৫০ জন অংশগ্রহণকারী এবং ১০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করছেন।