
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ দেখে ফেরার পথে রাজধানীর উত্তরায় বাসের চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসীমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই সাংবাদিক হলেন—‘প্রাণের বাংলাদেশ’ পত্রিকার রবিউল আলম রাজু এবং ‘সংবাদ দিগন্ত’ পত্রিকার সাকিবুল হাসান।
জানা গেছে, সেমিফাইনাল ম্যাচ শেষে তারা মোটরসাইকেলে করে উত্তরার জসীমউদ্দীন মোড় থেকে রাজলক্ষ্মীর দিকে যাচ্ছিলেন। এ সময় মাঝপথে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, কীভাবে দুর্ঘটনা ঘটেছে এবং কোন বাস এর সঙ্গে জড়িত ছিল, তা শনাক্তে পুলিশ কাজ করছে।