August 3, 2026, 10:23 pm

বন্দরে এক ঘণ্টায় চার ছিনতাই, আতঙ্কে সাধারণ মানুষ

আবু সালেহ স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একই রাতে মাত্র এক ঘণ্টার ব্যবধানে চারটি পৃথক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের অভিযোগ, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন, পাসপোর্ট, বিমানের টিকিটসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঘটনার সময়, কৌশল ও মোটরসাইকেল ব্যবহারের ধরন একই হওয়ায় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিট থেকে ৫টা ১৫ মিনিটের মধ্যে চারটি ঘটনা ঘটে। এর মধ্যে তিনজন ভুক্তভোগী বন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন। অপর একজন নিজ এলাকায় চলে যাওয়ায় অভিযোগ করতে পারেননি।
প্রথম ঘটনাটি ঘটে পশ্চিম হাজীপুর এলাকায়। সৌদি আরবগামী এক প্রবাসী গাড়িতে মালামাল তোলার সময় কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে তার পাসপোর্ট, বিমানের টিকিট, ট্রাভেল ব্যাগ, সৌদি রিয়াল, নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলের আশপাশে একটি কালো মোটরসাইকেলকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।
এর কিছুক্ষণ পর সিএইচডি গেট এলাকায় সাতক্ষীরাগামী এক যাত্রীর পথরোধ করে তার মোবাইল ফোন ও ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। একইভাবে কদমরসুল কলেজের পেছনে এক ট্রাকচালককে মারধর করে তার নগদ অর্থ, মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
সবশেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কাজে যাওয়ার পথে আরেক ব্যক্তিকে অস্ত্রের মুখে জিম্মি করে তার নগদ টাকা, একটি স্মার্টফোন ও হাতঘড়ি ছিনিয়ে নেওয়া হয়।
চারটি ঘটনার ধরন ও সময়ের মধ্যে মিল থাকায় একই সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র এসব ঘটিয়েছে বলে ধারণা করছেন ভুক্তভোগীরা।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলে করে আসা একটি সংঘবদ্ধ দল দ্রুত এসব ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে। সন্দেহভাজনদের শনাক্তে পুলিশ কাজ করছে এবং তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণসহ বিভিন্ন উপায়ে তদন্ত চলছে বলেও তিনি জানান।



ফেসবুক কর্নার