August 4, 2026, 5:07 pm
শিরোনাম :

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০

আবু জাফর স্টাফ রিপোর্টার সাতক্ষীরা

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে অবস্থিত ১০ তলা ব্লিস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের সদস্যসহ প্রায় ৫০ জন রোগী ও স্বজন অসুস্থ হয়ে পড়েছেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে হাসপাতালের বেসমেন্টের একটি কক্ষে অক্সিজেন সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের চেয়ে ঘন ধোঁয়াই বড় ঝুঁকির সৃষ্টি করে। ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্যসহ রোগী ও স্বজনরা অসুস্থ হয়ে পড়েন। রোগীদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল, হার্ট ফাউন্ডেশনসহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।
অগ্নিকাণ্ডের পর সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও ট্রাফিক বিভাগের সদস্যরা দায়িত্ব পালন করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ফায়ার সার্ভিস, বিজিবি ও পুলিশের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ধোঁয়ার কারণে অনেকেই অসুস্থ হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, প্রথমে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দিলে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
হাসপাতালের অতিরিক্ত পরিচালক প্রদীপ কুমার বিশ্বাস বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।



ফেসবুক কর্নার