
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সরকারের অঙ্গীকার অনুযায়ী জুলাই সনদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করা হবে।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবে। একই সঙ্গে তিনি দেশের সকল রাজনৈতিক দল ও জনগণের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, অতীতে যেভাবে বিভেদ সৃষ্টি করা হয়েছিল, ভবিষ্যতেও যেন কেউ সেই সুযোগ নিতে না পারে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে পঞ্চগড়ের পাঁচজন সন্তান জীবন উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শ্রদ্ধাঞ্জলি পর্বে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জনের কার্যালয়, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা পৃথকভাবে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার মো. আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে জুলাই শহীদদের রুহের মাগফিরাত এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর জেলা প্রশাসনের আয়োজনে সরকারি অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া জুলাই শহীদ পরিবারের সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিভিন্ন বক্তা বক্তব্য দেন।