
গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্যজোট।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে শহরের চৌরঙ্গী মোড় থেকে ১১ দলীয় ঐক্যজোটের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের তারবিয়াত ও মানবসম্পদ সম্পাদক শাহিদ আল ইসলাম, পঞ্চগড় জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শিশির আসাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাসান বসুনিয়া, জাগপার সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনসহ ১১ দলীয় ঐক্যজোটের অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, গ্যাস সংকট, অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ১১ দলীয় ঐক্যজোটের নেতারা।