কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে দীর্ঘদিনের যানজট নিরসনে কুড়িগ্রাম পৌরসভা ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের যৌথ উদ্যোগে সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জিরো পয়েন্টে অবস্থিত শহীদ মিনারের অব্যবহৃত অংশ অপসারণের কাজ শুরু করা হয়।
শাপলা চত্বর কুড়িগ্রাম-রংপুর ও কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থল। প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচলের কারণে এখানে দীর্ঘ যানজট সৃষ্টি হতো, যা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
স্থানীয় চালকরা জানান, সড়ক প্রশস্ত হলে যানজট কমবে এবং বড় যানবাহনের চলাচল সহজ হবে। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও কমবে।
কাজ পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, শহীদ মিনারের মূল স্তম্ভ অক্ষত রেখে কেবল অব্যবহৃত অংশ অপসারণ করা হচ্ছে, যাতে সড়কটি প্রশস্ত করা যায়। এর ফলে শহরের কেন্দ্রস্থলে যান চলাচল আরও গতিশীল হবে।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সওজের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, সাবেক মেয়র আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে সড়ক প্রশস্তকরণের কাজ সম্পন্ন করে যান চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত করা হবে।