
পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. কাজী আল তারেককে দিনাজপুরের বিরামপুর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে পঞ্চগড় সদর থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল বিরামপুর থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার কাজী আল তারেক পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি। তিনি পঞ্চগড় সদর উপজেলার রামের ডাঙ্গা এলাকার কাজী শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের পাশাপাশি দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা একটি মামলাও রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে আসছিল।
পুলিশ জানায়, তার অবস্থান নিশ্চিত হওয়ার পর বিরামপুর থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার (৭ আগস্ট) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, কাজী আল তারেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে তাকে বিরামপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলাগুলো তদন্তাধীন রয়েছে এবং তদন্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন মামলায় অভিযুক্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।