August 8, 2026, 4:19 pm
শিরোনাম :
লোহাগড়া পৌরসভায় সরকারি বিধি ভেঙে কর্মচারীদের পিআইসি হওয়ার অভিযোগ, লাখ লাখ টাকা আত্মসাতের দাবি খুলনায় ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশি বৃদ্ধকে ধরে নেওয়ার অভিযোগ, ভারতীয় নাগরিক আটক নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন স্কুল শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধের নির্দেশ তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শিগগিরই : প্রতিমন্ত্রী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিবের আকস্মিক পরিদর্শন ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর পর যাত্রী চলাচল বাড়বে : এসবি প্রধান গৃহবধূকে অস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী

নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন

আনোয়ার হোসোইন

সরকারের পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, পরিবহন, বিতরণ ও বিপণন বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগের বিরোধিতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এ উদ্যোগকে অবিলম্বে স্থগিত করে সংশ্লিষ্ট খসড়া নীতিমালা ও নথি প্রকাশ এবং জনমত গ্রহণের দাবি জানিয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সরকারের নতুন জ্বালানি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলা হয়। প্রেস ব্রিফিং করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আ ন ম শামছুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. আব্দুর রব, অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন।
লিখিত বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, পরিবহন, বিতরণ ও বিপণনের কাজ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার জন্য নতুন নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর দাবি, এটি সংস্কার নয়, বরং রাষ্ট্রীয় ব্যবস্থার হাতবদল এবং এর ফলে সাধারণ মানুষের ওপর জ্বালানি ব্যয়ের চাপ বাড়তে পারে।
তিনি বলেন, জ্বালানি তেল আমদানির জন্য গভীর সমুদ্রবন্দর, সিঙ্গেল পয়েন্ট মুরিং, বড় ট্যাংক টার্মিনাল, পাইপলাইন ও বিপুল অর্থের ব্যাংকিং সক্ষমতা প্রয়োজন। এ কারণে রাষ্ট্রীয় একচেটিয়া ব্যবস্থা ভেঙে বেসরকারি একচেটিয়া ব্যবস্থা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে জনগণের নিয়ন্ত্রণ ও জবাবদিহি কমে যেতে পারে বলেও তিনি দাবি করেন।
বিপিসিকে অদক্ষ বা লোকসানি দেখিয়ে বেসরকারিকরণের যুক্তির সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ২০২৩-২৪ অর্থবছরে ৩ হাজার ৯৪৩ কোটি টাকা এবং ২০২৪-২৫ অর্থবছরে ২ হাজার ৫০ কোটি টাকা মুনাফা করেছে বলে বিভিন্ন গবেষণা ও প্রকাশিত তথ্য থেকে জানা যায়। তাঁর মতে, তাই বিপিসির সংস্কার প্রয়োজন হলে তা প্রতিষ্ঠানের কাঠামো ও ব্যবস্থাপনায় করা উচিত, বেসরকারিকরণের মাধ্যমে নয়।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও আন্তর্জাতিক বাজারের জ্বালানি সংকটকে বেসরকারিকরণের অজুহাত করা হচ্ছে। আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে ১০ দিনে কমানোর সিদ্ধান্তের বিষয়েও তিনি প্রশ্ন তোলেন। তাঁর দাবি, এতে দরদাতার সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি স্বচ্ছতা ও প্রতিযোগিতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, জ্বালানি তেল পরিবহন, কৃষি, বিদ্যুৎ, প্রতিরক্ষা ও বিমান চলাচলের মতো গুরুত্বপূর্ণ খাতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই জ্বালানি নিরাপত্তা রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে গেলে সংকটের সময় সরবরাহ নিশ্চিত করা কঠিন হতে পারে।
জ্বালানি খাতের শ্রমিক সংগঠনের নেতাদের আইনি সুরক্ষা খর্ব করার উদ্যোগের অভিযোগ তুলে তিনি তা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে সরকারের কাছে বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি ও বিপণনের খসড়া নীতিমালা আছে কি না, থাকলে তা প্রকাশ করা হবে কি না এবং সিদ্ধান্তের ভিত্তিতে কোনো সমীক্ষা করা হয়েছে কি না—এসব প্রশ্নের জবাব দাবি করেন।
প্রেস ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং বিভিন্ন বিশেষজ্ঞও জ্বালানি খাতে জবাবদিহি ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের গুরুত্বের কথা বলেছেন। তাঁর দাবি, জ্বালানি খাতে বেসরকারি সিন্ডিকেট তৈরি হলে সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত ও বিপণন বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ স্থগিত করা, খসড়া নীতিমালা ও সংশ্লিষ্ট নথি প্রকাশ করে কমপক্ষে ৬০ দিনের জনমত গ্রহণ, সংসদীয় স্থায়ী কমিটির অধীনে উন্মুক্ত শুনানি, বিপিসির সংস্কার, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট ও কৌশলগত মজুত সক্ষমতা বৃদ্ধির প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং জ্বালানি খাতের শ্রমিক-কর্মচারীদের আইনি সুরক্ষা খর্ব করার সুপারিশ প্রত্যাহার।
উপসংহারে মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী বাজার অর্থনীতি বা বেসরকারি বিনিয়োগের বিরোধী নয়। তবে জবাবদিহিহীনভাবে রাষ্ট্রীয় জ্বালানি ব্যবস্থার দায়িত্ব বেসরকারি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার বিরোধিতা করে দলটি। তিনি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও জবাবদিহি বজায় রাখার আহ্বান জানান।



ফেসবুক কর্নার