
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের যৌথ উদ্যোগে একটি ঝটিকা মিছিল ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সদস্য মো. লাল্টু রহমান এবং কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রাজীবের যৌথ নেতৃত্বে এই মিছিলটি বের করা হয়। মিছিলটি ইবি থানাধীন ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে করিমপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং মোমবাতি প্রজ্বালন করা হয়।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দৈনিক সময়ের দিগন্তকে জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে ঝটিকা মিছিলটি আজকের কি না, সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা মিললে আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।