আল-হুদা মালী, স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের হরিশখালী এলাকায় মটর ভ্যান মালিক ও চালকদের সেবা কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ করতে গাবুরা হরিশখালী মটর ভ্যান কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মটর ভ্যান মালিক-চালক ও সাধারণ জনগণের উপস্থিতিতে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই কার্যালয় চালু হওয়ায় এলাকায় মটর ভ্যান চলাচল আরও শৃঙ্খলিত হবে, যাত্রীসেবা উন্নত হবে এবং চালকদের বিভিন্ন সমস্যা সমাধানে একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হবে।
প্রধান অতিথির অনুপস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (৩) ও সংরক্ষিত নারী সদস্য মোছাঃ ফরিদা পারভীন। তিনি বলেন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় মটর ভ্যান একটি গুরুত্বপূর্ণ বাহন। এই কার্যালয়ের মাধ্যমে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত হলে সাধারণ মানুষ উপকৃত হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবিয়ার রহমান, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মনজুর হোসেন, সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ ইসহাক আলী, মোঃ দিদারুল ইসলাম, মোঃ খায়রুল ইসলাম (মিলন), ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মুনছুর মালী, হরিশখালী মোটরসাইকেল শ্রমিক ইউনিয়নের সভাপতি জি এম আইয়ুব আনসারী এবং গাবুরা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (দোফাদার) মোঃ ডালিম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব মুনছুর মালী বলেন, এই কার্যালয়ের মাধ্যমে ভ্যান নিবন্ধন, শৃঙ্খলা রক্ষা, ভাড়া নির্ধারণে সমন্বয় এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এর ফলে এলাকাবাসীর যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে গাবুরা হরিশখালী মটর ভ্যান কার্যালয়ের শুভ উদ্বোধন কর্মসূচি সম্পন্ন হয়।