August 21, 2026, 6:17 am
শিরোনাম :

সালমানের নতুন সিনেমায় প্রথমবার নায়িকা নয়নতারা

অভয়নগর প্রতিবেদক

বলিউড সুপারস্টার সালমান খানের পরবর্তী সিনেমা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। প্রযোজক দিল রাজুর সঙ্গে প্রথমবার কাজ করতে যাওয়া সালমানের এই প্যান-ইন্ডিয়া সিনেমায় তাঁর বিপরীতে দক্ষিণী তারকা নয়নতারাকে দেখা যেতে পারে। ‘ফিল্মফেয়ার’-এর এক প্রতিবেদনে সিনেমাটির সম্ভাব্য নাম ‘মনস্টার’ বলে উল্লেখ করা হয়েছে। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, ঈদ ২০২৭ উপলক্ষে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। বড় পরিসরে নির্মিতব্য ছবিটি সালমান খান ও দিল রাজুর প্রথম যৌথ কাজ। ‘মনস্টার’-এর মাধ্যমে প্রথমবারের মতো সালমানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন নয়নতারা। ফলে সিনেমাটি নিয়ে বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমার দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাটিতে অ্যাকশন দৃশ্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্প্রতি শুটিংয়ের সময় সালমানের বডি ডাবল হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পর অ্যাকশন দৃশ্যের শুটিং আরও সতর্কতার সঙ্গে করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
একটি সূত্রের বরাত দিয়ে ‘ফিল্মফেয়ার’ জানিয়েছে, সালমান বর্তমানে সিনেমাটির কাজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এবং শুটিংয়ের গতি থামাতে চান না। সিনেমাটির নাম ঘোষণার পাশাপাশি শিগগিরই প্রথম পোস্টার বা ফার্স্ট লুক প্রকাশ হতে পারে। তবে এ বিষয়ে নির্মাতাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এদিকে সালমান খান ‘বিগ বস ২০’-এর সঞ্চালক হিসেবেও ফিরছেন। আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে অনুষ্ঠানটির নতুন মৌসুম শুরু হওয়ার কথা রয়েছে।



ফেসবুক কর্নার