
ফুটবল ক্যারিয়ারে বিশ্বকাপ ও কোপা আমেরিকাসহ প্রায় সব বড় অর্জনই নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর এবার তাকে ঘিরে উঠেছে ভিন্ন এক আলোচনা—ভবিষ্যতে রাজনীতিতে প্রবেশ করে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে পারেন তিনি। গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দাবিকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে বিষয়টি।
যুক্তরাষ্ট্রের ক্রীড়া সংবাদমাধ্যম ইয়াহু স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, কানাডীয় শিক্ষাবিদ ও ভবিষ্যদ্বক্তা হিসেবে পরিচিত ‘প্রফেসর জিয়াং’ আমেরিকান রাজনৈতিক ভাষ্যকার নিকোলাস কেন ডি বালিনথাজির (স্নিকো) সঙ্গে সাক্ষাৎকারে দাবি করেন, আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে মেসি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে পারেন। জিয়াংয়ের ভাষ্য, খুব শিগগিরই পেশাদার রাজনীতিতে প্রবেশ করতে পারেন মেসি এবং একপর্যায়ে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদেও বসতে পারেন।
তবে জিয়াংয়ের পেশাগত পরিচয় ও এসব পূর্বাভাসের বৈজ্ঞানিক ভিত্তি স্বাধীন ও নিরপেক্ষ কোনো সূত্রে যাচাই করা সম্ভব হয়নি। তিনি দাবি করেন, বিশ্ব রাজনীতির বিভিন্ন ঘটনা বিশ্লেষণে ‘গেম থিওরি’ ও বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করেন। তার মতে, মেসি প্রেসিডেন্ট হলে প্রায় দুই দশক ক্ষমতায় থাকতে পারেন এবং বিতর্কিত কিছু সিদ্ধান্তও নিতে পারেন। একই সঙ্গে বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই পর্দার আড়াল থেকে প্রভাব ধরে রাখতে পারেন বলেও দাবি করেন তিনি। তবে মেসি নিজে রাজনীতিতে প্রবেশ বা প্রেসিডেন্ট হওয়ার কোনো পরিকল্পনা ঘোষণা করেননি