August 21, 2026, 6:49 am
শিরোনাম :

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুব আন্দোলন নেতাকে হত্যার নিন্দা

আনোয়ার হোসেন

নারায়ণগঞ্জের বন্দরে চাঁদাবাজি ও মাদক চোরাচালানের প্রতিবাদ করায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিমের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ বুলবুলকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী। ২১ আগস্ট রাতে এক যৌথ বিবৃতিতে তারা এ নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, চাঁদাবাজির প্রতিবাদ করায় মুহাম্মাদ বুলবুলের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তারা এ ঘটনাকে ন্যাক্কারজনক, বর্বর ও নিন্দনীয় উল্লেখ করে বলেন, একজন নাগরিকের ন্যায়সংগত প্রতিবাদের অধিকারকে সন্ত্রাসী শক্তি দিয়ে দমন করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাদের দাবি, বন্দরে চাঁদাবাজির প্রতিবাদ করায় এর আগেও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা নুর হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে।
নেতৃদ্বয় অবিলম্বে মুহাম্মাদ বুলবুল হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও রাজনৈতিক পরিচয়ে অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। নেতৃদ্বয় বলেন, অপরাধীর কোনো দলীয় বা রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। তারা মরহুম মুহাম্মাদ বুলবুলের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও আইনানুগভাবে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার