দীর্ঘ আট বছরের সম্পর্কের পর অবশেষে প্রেমিকা গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকে বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে থাকার পর দুই সন্তানের মা গ্যাব্রিয়েলার সঙ্গে আইনি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা। তবে বিয়ের আয়োজন ছিল একেবারেই ব্যক্তিগত। মুম্বাইয়ে নয়, গোয়ায় গিয়ে বিয়ে করেছেন তারা।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গোয়ার বারদেজ সাব-রেজিস্ট্রার অফিসে আইনি মতে বিয়ে করেছেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। সেখানেই বিয়ের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। বিয়ের খবরটিও অনেকটা গোপন রেখেছিলেন এই তারকা জুটি।
অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলার সম্পর্কের শুরু ২০১৮ সালে। প্রথম স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে বিচ্ছেদের পর গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ান অর্জুন। এরপর থেকেই প্রকাশ্যে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে তাদের। চলচ্চিত্রের প্রিমিয়ার, তারকাদের পার্টি কিংবা বিভিন্ন সামাজিক আয়োজনে অর্জুনের সঙ্গী হিসেবে নিয়মিতই উপস্থিত ছিলেন গ্যাব্রিয়েলা।
দীর্ঘদিনের এই সম্পর্কে তাদের দুই সন্তান রয়েছে। বড় ছেলে অরিকের বয়স সাত বছর। ছোট ছেলে আরিভের বয়স তিন। সন্তানদের নিয়ে একসঙ্গেই সংসার করছিলেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। তবে এতদিন বিয়ে নিয়ে তেমন কোনো আনুষ্ঠানিকতা দেখা যায়নি তাদের মধ্যে।
অবশ্য সম্পর্ক নিয়ে কখনোই খুব বেশি রাখঢাক করেননি তারা। তবে বিয়ের আগেই সন্তান হওয়ায় বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়তে হয়েছে গ্যাব্রিয়েলাকে। নানা ধরনের কটাক্ষও শুনতে হয়েছে তাকে। এমনকি দেশের তরুণ প্রজন্মকে ‘নষ্ট করার’ অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। সব আলোচনা-সমালোচনাকে পেছনে ফেলে এবার দীর্ঘদিনের সঙ্গীকেই আনুষ্ঠানিকভাবে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন অর্জুন।
এর আগে ২০২৫ সালে ‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের সময় রিয়া চক্রবর্তীর পডকাস্টে নিজেদের বাগদানের খবর জানিয়েছিলেন অর্জুন। সেখানেই প্রথমবার প্রকাশ্যে জানান, গ্যাব্রিয়েলার সঙ্গে তার বাগদান হয়ে গেছে।
অর্জুন বলেছিলেন, ‘আমাদের দু’জনের বাগদান হয়ে গিয়েছে। এই প্রথমবার এ বিষয়ে আমরা মুখ খুললাম। তবে আমরা বিবাহিত নই তো কী হয়েছে? ভবিষ্যতে কী হবে তা কি বলা যায়?’ পরে নিজের কথাই সংশোধন করে অভিনেতা বলেন, ‘তবে বিয়ে না করলেও আমাদের বাগদান হয়ে গিয়েছে।’
অর্জুন বরাবরই ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখতে পছন্দ করেন। তাই বিয়ের বিষয়টিও গোপন রাখতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত মুম্বাই থেকে গোয়ায় গিয়ে আইনি বিয়ের খবর প্রকাশ্যে চলে এসেছে।
দীর্ঘ আট বছরের সম্পর্ক, দুই সন্তান ও নানা আলোচনা-সমালোচনা পেরিয়ে এবার স্বামী-স্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস।