গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করার সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি সরকারের প্রতি এ সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী এ প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়েছে। এ সিদ্ধান্তকে দেশের আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের প্রত্যাশার পরিপন্থী বলে দাবি করেছে সংগঠনটি।
হেফাজতের নেতারা অভিযোগ করেন, শামীম কায়সার লিংকন দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনার সঙ্গে সাংঘর্ষিক মতাদর্শে বিশ্বাসী। তাদের মতে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একটি সংবেদনশীল ও বিশেষায়িত ক্ষেত্র হওয়ায় এ দায়িত্বে ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল এবং আলেম সমাজের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া প্রয়োজন। সংগঠনটি সতর্ক করে বলেছে, আলেম সমাজের মতামত উপেক্ষা করে সিদ্ধান্ত বহাল রাখা হলে সরকার ও উলামায়ে কেরামের মধ্যে আস্থার সংকট তৈরি হতে পারে। একই সঙ্গে একজন যোগ্য, অভিজ্ঞ ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম।