
নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে একটি বাসে করে মাদক ঢাকার দিকে নেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল মহাসড়কে তল্লাশি শুরু করে। পরে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ট্যামিম নার্সারির সামনে ঢাকামুখী লেনে লাল-সবুজ রঙের একটি এসি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটির চালক ফুয়াদ উদ্দিন (৩৬) ও হেলপার মো. সালাউদ্দিনকে (২২) জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে বাসে মাদক থাকার তথ্য পেয়ে পুলিশ তল্লাশি আরও জোরদার করে।
পরে বাসের পেছনের ডান পাশে মালামাল রাখার বক্সে থাকা নীল রঙের একটি কাপড়ের ব্যাগ থেকে ছয়টি পোটলা উদ্ধার করা হয়। এর মধ্যে তিনটি পোটলায় তিন কেজি এবং অপর তিনটি পোটলায় ছয় কেজি গাঁজা পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা গাঁজার পরিমাণ ৯ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।