August 23, 2026, 9:22 pm
শিরোনাম :

বিয়ের প্রলোভনে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ের প্রলোভনে এক তরুণীকে সাত দিন ধরে ভাড়া বাসায় আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (২৩ আগস্ট) ওই তরুণী বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। মামলার পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি আলমগীর হোসেন, রুনা ও পাপীয়া।

মামলার এজাহার ও ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, রূপগঞ্জ উপজেলার বরপা শান্তিনগর এলাকার মৃত শাহেদ আলীর ছেলে আলমগীর হোসেনের সঙ্গে ওই তরুণীর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৫ আগস্ট বিয়ের প্রলোভনে ওই তরুণী রূপগঞ্জে আলমগীরের কাছে আসেন। পরে আলমগীর তাকে বরপা শান্তিনগর এলাকায় একটি ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে আলমগীর ও তার সহযোগীরা মাদক সেবন করেন এবং অভিযোগ অনুযায়ী, গত সাত দিন ওই তরুণীকে আটকে রেখে তার ওপর যৌন নির্যাতন চালান। বিষয়টি কাউকে জানালে ক্ষতি করার ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।

পরে ভাড়া বাসার মালিক বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কয়েকজন পালিয়ে যান। পরে ভুক্তভোগী বাদী হয়ে আলমগীর হোসেন, শাওন, শুভ, মোস্তফা, জীবন, রুনা ও পাপীয়াকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন। নারায়ণগঞ্জ জেলা ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম জানান, এ ঘটনায় ধর্ষণ মামলা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার