October 7, 2026, 12:35 am

সিএনজির চাকার ভেতর থেকে ইয়াবা জব্দ, চালক আটক

স্টাফ রিপোর্টার শামসুল আলম সাহীন, কক্সবাজার।

কক্সবাজারের রামু উপজেলায় সিএনজি অটোরিকশার চাকার ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১৮ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিএনজি চালক মোহাম্মদ হামজালা (২১)কে আটক করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এসআই শাহারিয়া কামালের নেতৃত্বে একটি দল তিতারপাড়া এলাকায় রুপনের দোকানের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হলে এর একটি চাকার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে সিএনজি চালককে আটক করা হয়। আটক মোহাম্মদ হামজালা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের তুলাতলী গ্রামের আবুল হোছনের ছেলে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি আনিসুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক এই ইয়াবার চালানের সঙ্গে আরও দুই থেকে তিনজন জড়িত থাকার তথ্য দিয়েছে। তাদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক পাচার রোধে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। স্থানীয়রা পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, কচ্ছপিয়া-গর্জনিয়া সীমান্তবর্তী এলাকা দিয়ে ইয়াবা পাচারের অভিযোগ দীর্ঘদিনের। পুলিশের তৎপরতা বাড়লে মাদক পাচার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে। আটক চালক, জব্দ ইয়াবা ও সিএনজি অটোরিকশা রামু থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



ফেসবুক কর্নার