
ফরিদপুরের মধুখালী উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী ‘মিট দ্য ডিসি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মধুখালী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৭১ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আওয়াল আকনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার, মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, কৃতী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।
শিক্ষার্থীদের হাতে বই ও বৃক্ষের চারা
অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া ৭১ শিক্ষার্থীর প্রত্যেকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি তাঁদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘সঞ্চিতা’ কাব্যগ্রন্থ এবং একটি করে বৃক্ষের চারা দেওয়া হয়।
মেধার স্বীকৃতির পাশাপাশি শিক্ষার্থীদের বই পড়া ও পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।