October 7, 2026, 9:02 pm

ধানক্ষেতে মানুষের খণ্ডিত পা উদ্ধার, রহস্য ঘনীভূত

জাফর আহমেদ কুড়িগ্রাম প্রতিনিধ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত একটি পা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খণ্ডিত পা‌টির পাশে রক্তাক্ত একটি পলিথিন ব্যাগ পড়ে থাকায় ঘটনাটি নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে। তবে উদ্ধার হওয়া শরীরের অংশটি কার এবং কীভাবে সেটি ধানক্ষেতে এসেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকার সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে হাঁটুর নিচের অংশসহ পা‌টি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে সড়ক দিয়ে চলাচলের সময় কয়েকজন পথচারী ধানক্ষেতে খণ্ডিত পা‌টি পড়ে থাকতে দেখেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খণ্ডিত পা‌টি উদ্ধার করে। এ সময় এর পাশে রক্তাক্ত একটি পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। খণ্ডিত শরীরের অংশটি সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কোনো অপরাধের যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। এটি কার শরীরের অংশ এবং কীভাবে সেখানে এসেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া শরীরের অংশটির পরিচয় শনাক্ত করার পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। সংশ্লিষ্ট এলাকায় কোনো ব্যক্তি নিখোঁজ রয়েছেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও কৌতূহল সৃষ্টি হয়েছে।



ফেসবুক কর্নার