October 7, 2026, 10:44 pm

জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

আল মামুন গাজী

যশোরের কেশবপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (২৬ আগস্ট) দুপুরে কেশবপুর প্রাথমিক শিক্ষক মিলনায়তনে সংগঠনটির যশোর জেলা পূর্ব শাখার অন্তর্গত কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে ‘কৃতি শিক্ষার্থী মিলনমেলা ও সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পূর্ব শাখার সভাপতি এম. মিনারুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদস্য ফাহিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। এছাড়া ছাত্রশিবিরের সাবেক যশোর জেলা সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, সাবেক খুলনা মহানগর সভাপতি সাইয়েদুর রহমান সাইদ এবং জেলা অফিস সম্পাদক আমানউল্লাহ সাদিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের শিক্ষা ও জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চর্চা করার আহ্বান জানান। তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের অর্জন দেশের ভবিষ্যৎ অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই নিজেদের যোগ্যতা ও প্রতিভাকে মানবকল্যাণে কাজে লাগাতে হবে। পরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মাননা জানানো হয়। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



ফেসবুক কর্নার