
যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পুলিশের তালিকাভুক্ত মুন্না ইসলাম সাগর ওরফে চায়না সাগরসহ চারজনকে আটক করেছে সদর পুলিশ ফাঁড়ি। বুধবার (২৬ আগস্ট) দুপুর থেকে বারান্দিপাড়ার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে মোট ৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমানউল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটক মুন্না ইসলাম সাগর ওরফে চায়না সাগর পশ্চিম বারান্দিপাড়ার কদমতলা এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অন্য আটক ব্যক্তিরা হলেন পূর্ব বারান্দিপাড়ার ঢাকা রোড এলাকার আনোয়ার হোসেনের ছেলে মর্তজা হোসেন শুভ, বারান্দিপাড়া বউবাজার এলাকার সেলিমের ছেলে আশিকুর রহমান এবং পূর্ব বারান্দিপাড়া বউবাজার এলাকার মৃত গফফার শেখের মেয়ে রোজিনা। তাদের মধ্যে শুভর কাছ থেকে ১০ পিস, আশিকুর রহমানের কাছ থেকে ১০ পিস এবং রোজিনার কাছ থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অভিযান চলাকালে বড় ফয়সালের বাড়িতেও পুলিশ অভিযান পরিচালনা করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমানউল্লাহ বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বারান্দিপাড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। পৃথক স্থান থেকে চারজনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে এসআই নুরুন্নবী, এএসআই শামীম, এএসআই বাতেন, এএসআই লাবলু, এটিএসআই আতাউরসহ সদর পুলিশ ফাঁড়ির অন্যান্য সদস্য অংশ নেন।