
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অবৈধ পারাপার, পুশ-ইন, চোরাচালান ও মাদকসহ বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৬ আগস্ট) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এ কর্মসূচি পরিচালনা করে। মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সীমান্ত আইন মেনে চলা এবং অপরাধ প্রতিরোধে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
বিজিবি সূত্র জানায়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম, পুশ-ইন, মাদক, অস্ত্র, মানবপাচার ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার বিভিন্ন সীমান্ত এলাকায় মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হয়। অবৈধভাবে সীমান্ত পারাপার না করার পাশাপাশি কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে এ ধরনের কাজে সহযোগিতা না করতে বলা হয়। সীমান্তে সন্দেহজনক ব্যক্তি বা দলের চলাচল, পরিচয় গোপন করে অবস্থান, সীমান্তের ওপার থেকে কাউকে পুশ-ইনের চেষ্টা কিংবা কোনো ভারতীয় নাগরিকের অবৈধ প্রবেশের ঘটনা নজরে এলে দ্রুত বিজিবি টহল দল বা নিকটস্থ ক্যাম্পে জানানোর অনুরোধ করা হয়।
এছাড়া অপ্রয়োজনে সীমান্ত এলাকায় ঘোরাফেরা না করা, অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তিকে বাড়িতে আশ্রয় না দেওয়া এবং মাদক, অস্ত্র, মানবপাচার ও চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য স্থানীয়দের সচেতন করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত সুরক্ষা, অবৈধ পারাপার ও পুশ-ইন প্রতিরোধ এবং মাদক ও চোরাচালান দমনে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, অবৈধ সীমান্ত পারাপার কিংবা এ কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।