
কুড়িগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখা। বুধবার (২৬ আগস্ট) সকালে কুড়িগ্রাম পৌর অডিটরিয়াম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, ইসলামী সংগীত, শিক্ষার্থী ও অভিভাবকদের বক্তব্য এবং ক্যারিয়ারবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক সিনেট সদস্য আসিফ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল। প্রধান অতিথির বক্তব্যে আসিফ আব্দুল্লাহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল জীবনের গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিই চূড়ান্ত লক্ষ্য নয়। উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা, নেতৃত্বগুণ ও বিভিন্ন দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের দেশ গঠনের উপযোগী করে তুলতে হবে।
কুড়িগ্রাম জেলা শিবিরের সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চিকিৎসক ডা. মো. আমিনুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আজিজুর রহমান স্বপন, ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদসহ অন্যরা। বক্তারা বলেন, ভালো ফলাফলের পাশাপাশি বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ অর্জন জরুরি। শিক্ষাজীবন থেকেই শৃঙ্খলা ও ভালো চরিত্রের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে হবে। অর্জিত জ্ঞান ও মেধা দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তারা। অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।