August 27, 2026, 12:33 pm

হাম আতঙ্কে বরিশাল, একদিনে হাসপাতালে দুই শিশুর মৃত্যু

শওকাত হোসেন সদর প্রতিনিধি বরিশাল

বরিশাল বিভাগে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। হাম আক্রান্ত হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। একদিনে মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন তূর্জ বল্লভ, তার বয়স মাত্র ছয় মাস। তার বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। অপর শিশু হুমায়েরা, বয়স চার মাস; তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়। দুই শিশুর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের পাশাপাশি বিভাগজুড়ে হাম পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে রোগটির বিস্তার বাড়ায় স্বাস্থ্যঝুঁকি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত হয়ে বা হাম সন্দেহে প্রায় ১৫ হাজার ৮১৫ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৯৫২ জন। একই সময়ে বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত সন্দেহে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯। এর মধ্যে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১৯ শিশু। বিপুলসংখ্যক রোগী হাসপাতালে চিকিৎসা নেওয়া এবং শিশু মৃত্যুর ঘটনায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ সামাল দিতে চিকিৎসা ও প্রয়োজনীয় সেবার বিষয়েও নজরদারি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল মুনয়েম সাদ বলেন, হাম আক্রান্ত রোগীদের চিকিৎসায় যাতে কোনো ধরনের ঘাটতি না থাকে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। তিনি জানান, হাম মোকাবিলায় টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। শিশুদের হাম থেকে সুরক্ষায় টিকাদান ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা। একই সঙ্গে আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার জন্য হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আশা করছেন, চলমান টিকাদান ও চিকিৎসা কার্যক্রমের মাধ্যমে দ্রুতই হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।



ফেসবুক কর্নার