
মৌলভীবাজার সদর উপজেলার নারাইনপাশা এলাকার চা বিক্রেতা দুরুদ মিয়া হত্যা মামলায় ছাদিক মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১২ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামসাদ বেগম এ রায় দেন। মামলার অপর সাত আসামি তছকির মিয়া, সিরাজ মিয়া, নুরুল ইসলাম, ছাইফুর রহমান, আতাউর রহমান, শফিক মিয়া ও আছাব মিয়াকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১২ জুন সকালে দুরুদ মিয়া তাঁর চায়ের দোকানে ছাদিক মিয়ার কাছে পাওনা ১ হাজার ২৬৩ টাকা চান। এতে ক্ষিপ্ত হয়ে ছাদিক কিছুক্ষণ পর অন্যদের নিয়ে এসে দুরুদ মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে নিহতের ছেলে মকবুল মিয়া আটজনকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ছাদিক মিয়াকে মৃত্যুদণ্ড দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিয়ামুল হক, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী এবং নিহতের স্বজনরা। তাঁরা বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. বিল্লাল হোসেন।