
আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা-সংক্রান্ত সভার শুরুতে সাংবাদিকদের এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, বিমানবন্দরটি আন্তর্জাতিক হিসেবে চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন এবং ২৯ অক্টোবর দেশে ফিরবেন। এরপর তাঁর সময় পাওয়া গেলে উদ্বোধনের তারিখ চূড়ান্ত করা হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়া যাবে বলে আশা করছেন তাঁরা।
কক্সবাজার বিমানবন্দর থেকে কোন কোন এয়ারলাইনস আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে, তা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে বলে জানান মন্ত্রী। সভায় বিভিন্ন দেশের এয়ারলাইনসের কান্ট্রি হেডরা উপস্থিত রয়েছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে প্রাথমিকভাবে সম্ভাব্য গন্তব্য দেশগুলো নির্ধারণ করা হবে।