
দীর্ঘ ১৫ বছর পর নির্মিত হতে যাচ্ছে বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল ‘দ্য ডার্টি পিকচার ২’। ছবিটির নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক একতা কাপুর। সম্প্রতি রণবীর আল্লাহাবাদিয়ার পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, এটি তাঁর বড় প্রকল্পগুলোর একটি। নতুন সিনেমায় এক নারীর জীবন ও গল্প তুলে ধরা হবে। তবে সেই নারী কে, তা এখনো প্রকাশ করেননি তিনি।
২০১১ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমাটি দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছিল। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান। আরও ছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর। সিনেমাটিতে নারীর ব্যক্তিস্বাধীনতা, যৌনতা এবং সমাজের বিচার করার প্রবণতার মতো বিষয় উঠে আসে। একতা কাপুরের ভাষ্য, সিল্ক স্মিতাকে তিনি কেবল ভুক্তভোগী হিসেবে দেখেননি; বরং নিজের পরিচয় ও যৌনতা নিয়ে দৃঢ় অবস্থানে থাকা একজন নারী হিসেবে তুলে ধরেছেন।
নতুন সিনেমাতেও সিল্ক স্মিতার মতো এক নারীকে কেন্দ্র করে গল্প এগোবে বলে জানিয়েছেন একতা। তবে কাহিনি বাস্তব কোনো ব্যক্তির জীবন থেকে নেওয়া হবে কি না, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। নতুন ছবিতে বিদ্যা বালান ফিরবেন কি না, তা নিয়েও কোনো ঘোষণা আসেনি। পরিচালক, অভিনয়শিল্পী, শুটিং শুরুর সময় ও মুক্তির তারিখও এখনো চূড়ান্ত হয়নি। উল্লেখ্য, ‘দ্য ডার্টি পিকচার’ ২০১১ সালের ২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ছবিটি সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত হলেও তাঁর জীবনের হুবহু চিত্রায়ণ ছিল না।