October 12, 2026, 8:18 am
শিরোনাম :

ভিনিসিয়ুসের প্রেমে ফের বিচ্ছেদ, তিন মাসেই শেষ দ্বিতীয় ইনিংস

অভয়নগর প্রতিবেদক

 

মাঠে ছন্দহীনতা ও লাল কার্ডের পর এবার ব্যক্তিগত জীবনেও ধাক্কা খেলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে ফের বিচ্ছেদ হয়েছে তার। মে মাসে আলাদা হওয়ার পর জুলাইয়ে আবার এক হয়েছিলেন তারা। তবে সেই সম্পর্ক টিকেছে মাত্র তিন মাস। ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএলের প্রতিবেদন অনুযায়ী, রোববার (১১ অক্টোবর) ভার্জিনিয়ার প্রতিনিধিরা বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন।

ভার্জিনিয়ার প্রতিনিধিরা জানিয়েছেন, দুজনের মধ্যে কোনো ঝগড়া বা বিরোধ হয়নি। পারস্পরিক সিদ্ধান্তেই সম্পর্কের ইতি টেনেছেন তারা। বিচ্ছেদের কারণ অবশ্য এখনো স্পষ্ট নয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভার্জিনিয়ার একা ভ্রমণকে ঘিরে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। তবে তার প্রতিনিধিরা জানিয়েছিলেন, সাবেক স্বামী সংগীতশিল্পী জে ফেলিপের সঙ্গে সন্তানদের সময় কাটানোর সুযোগ করে দিতেই ওই ভ্রমণের পরিকল্পনা করা হয়েছিল। তাই মায়ামি সফরকে বিচ্ছেদের নিশ্চিত কারণ হিসেবে দেখার সুযোগ নেই।

২০২৫ সালের অক্টোবরে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন ভিনিসিয়ুস ও ভার্জিনিয়া। চলতি বছরের মে মাসে বিচ্ছেদ হলেও জুলাইয়ে আবার কাছাকাছি আসেন তারা। কিন্তু তিন মাসের মাথায় ফের সম্পর্কের ইতি ঘটল। এদিকে মাঠেও প্রত্যাশিত ছন্দে নেই ভিনিসিয়ুস। লাল কার্ড দেখার পর সামনে একাধিক ম্যাচে নিষিদ্ধ হওয়ার শঙ্কাও রয়েছে তার। মাঠ ও ব্যক্তিগত জীবন—দুই দিকেই এখন কঠিন সময় পার করছেন ব্রাজিলিয়ান এই তারকা।



ফেসবুক কর্নার