
ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করেছে দিল্লি পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমারের স্বাক্ষরিত এক নির্দেশে এ সিদ্ধান্ত জানানো হয়। বিক্ষোভ-সমাবেশের বিকল্প স্থান হিসেবে রামলীলা ময়দান, বুরারি ময়দান ও পূর্ব দিল্লির সিবিডি ময়দানের নাম উল্লেখ করা হয়েছে।
২০২২ সালের ২৮ এপ্রিল এক নির্দেশে যন্তর মন্তরকে বিক্ষোভ, মিছিল ও সমাবেশের স্থান হিসেবে নির্ধারণ করেছিল দিল্লি পুলিশ। সোমবারের নতুন নির্দেশের মাধ্যমে আগের আদেশ কার্যত বাতিল করা হলো। বিকল্প তিনটি স্থানে বিক্ষোভ আয়োজনের জন্য সংশোধিত কার্যপদ্ধতি বা এসওপি আলাদাভাবে জারি করা হবে বলে নির্দেশে জানানো হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফরম ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মসূচির কারণে যন্তর মন্তর আলোচনায় আসে। গত ১০ অক্টোবর ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সেখানে বিক্ষোভের উদ্যোগ নিলেও নিরাপত্তাব্যবস্থার কারণে কর্মসূচি করতে পারেনি সংগঠনটি। এ ঘটনায় আটক সিজেপির শীর্ষ নেতা অভিজিৎ দীপ রোববার ‘এক বছর শান্ত থাকার’ মুচলেকা দিয়ে মুক্তি পান। পরে সংগঠনটির মুখপাত্র সৌরভ দাস জানান, যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়েছে। আবেদনটির জবাব দেওয়ার জন্য পুলিশকে ২৪ ঘণ্টা সময়ও দিয়েছিল সিজেপি। তবে সেই সময়সীমা শেষ হওয়ার আগেই নতুন নির্দেশ জারি করল দিল্লি পুলিশ।