
পাবনার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক শরিফুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন নেওয়ার অভিযোগ উঠেছে। চলতি বছরের ১২ মার্চ তিনি মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসে যোগদান করেন। তবে অফিসের হাজিরা খাতা পর্যালোচনায় দেখা গেছে, যোগদানের দিন স্বাক্ষর করার পর আর কোনো দিন তাঁর উপস্থিতির স্বাক্ষর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অভিযোগ রয়েছে, যোগদানের পর থেকে তিনি একদিনও নিয়মিতভাবে ওই অফিসে দায়িত্ব পালন করেননি। এর আগে শরিফুল ইসলাম ঈশ্বরদী পৌর ভূমি অফিসে কর্মরত ছিলেন। সেখানেও দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ ছিল বলে জানা গেছে।
মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা বিপুল কুমার জোয়াদ্দার বলেন, শরিফুল ইসলাম গত ১২ মার্চ মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসে যোগদান করেছেন। এরপর থেকে তিনি আর অফিসে আসেননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে শরিফুল ইসলাম কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি স্বীকার করে দাবি করেন, মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসে যোগদানের পর তিনি আবার জেলা প্রশাসকের কার্যালয়ে চলে যান। তাঁর ভাষ্য, সেখানে তাঁর সংযুক্ত বদলির আদেশ ছিল এবং বর্তমানে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখায় দায়িত্ব পালন করছেন। একইভাবে ঈশ্বরদী পৌর ভূমি অফিসে থাকার সময়ও সংযুক্ত বদলি ছিল বলে দাবি করেন তিনি।
ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার বলেন, শরিফুল ইসলাম আগে ঈশ্বরদী পৌর ভূমি অফিসে কর্মরত ছিলেন। কর্মস্থলে দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগে তাকে মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল। কিন্তু মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসে যোগদানের পরও তিনি নিয়মিত দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টি তদন্ত করে সরকারি চাকরির বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলে প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।