
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীর শাখা মরা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পাঁচ কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে জুমার নামাজের সময় উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলো—চরচাকলা গ্রামের মো. মাসুদের দুই মেয়ে মোসা. সুমাইয়া (১০) ও মোসা. আরিবা (৮), মো. নিজাম উদ্দিনের দুই মেয়ে মোসা. সুমাইয়া (১২) ও মোসা. সুরাইয়া (৯) এবং মো. শরিফুল ইসলামের মেয়ে মোসা. শরিফা (১১)। একই এলাকার পাঁচ শিশুর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের পদ্মা নদীর শাখা মরা নদীতে ওই পাঁচ শিশু একসঙ্গে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে একটি শিশু পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধারের জন্য অন্য শিশুরা এগিয়ে যায়। এ সময় একে অপরকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে পাঁচজনই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে নদীতে নেমে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে পাঁচ শিশুই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসীম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান বলেন, এলাকায় একসঙ্গে এত শিশুর এমন মর্মান্তিক মৃত্যু আগে ঘটেনি। এ ঘটনায় পুরো গ্রামে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিহত শিশুদের দাফন-কাফনের জন্য প্রাথমিক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে পরিবারগুলোকে আরও সহায়তা দেওয়া হবে। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বাদ মাগরিব রাত ৭টায় স্থানীয় কবরস্থানে পাঁচ শিশুর মরদেহ দাফন করা হবে।